নগরের হালিশহর সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের কবরস্থান, মসজিদ, মাজার ও জলাশয়ের জমি দখল করে কন্টেইনার ডিপো নির্মাণের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছেন রেল শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শতাধিক রেলকর্মী, পরিবার-পরিজন ও স্থানীয়রা মিছিল নিয়ে সিআরবি এলাকায় রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) কার্যালয় ঘেরাও করেন।
রেল ভবনে প্রবেশে বাধা পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ‘লীজ বাতিল করো’, ‘কবরস্থান-মসজিদ-মাজার বাঁচাও’—এমন স্লোগান দিতে দিতে ভবনের ভেতরে প্রবেশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা জিএম অফিসের মূল ফটক বন্ধ করে দেয়। পরে বাইরে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শ্রমিকরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে গিয়ে শতবর্ষী কবরস্থান ও ধর্মীয় স্থাপনার জমির শ্রেণি পরিবর্তন করে জালিয়াতি করেছে। কবরস্থানটিতে প্রায় ৪৫০টি কবর রয়েছে।
তারা আরও জানান, রেলের ইতিহাসে কখনো ধর্মীয় স্থাপনা দখল করে প্রকল্প নেওয়া হয়নি। অথচ এবার কর্তৃপক্ষ নিজেই আইন লঙ্ঘন করছে। ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদের চক্রান্ত বন্ধ না হলে সারা দেশে রেল ধর্মঘটের হুঁশিয়ারিও দেন তারা।
পরিস্থিতি শান্ত করতে রেলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন দুপুরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় আধাঘণ্টার আলোচনার পর তিনি শ্রমিকদের আশ্বাস দেন—
“কবরস্থান, মসজিদ ও মাজার সংরক্ষিত থাকবে।
বুধবারই রেলের কমিটি গিয়ে স্থানগুলো চিহ্নিত করবে।”
এই আশ্বাসের পর দুপুর ১টার দিকে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।
রেলওয়ে ২১ দশমিক ২৯ একর জমি বাণিজ্যিকভাবে ইজারা দিয়েছে রেলের সিসিবিএলকে। প্রকল্প এলাকায় কবরস্থান, মসজিদ ও জলাশয়সহ ধর্মীয় স্থাপনা থাকলেও চুক্তিপত্রে জমির শ্রেণি পরিবর্তন করে ‘নাল ও কৃষিজমি’ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
জেলা প্রশাসনের দলিল অনুযায়ী, ওই এলাকায় কেবল একটি দাগ কবরস্থান হিসেবে রেকর্ডভুক্ত। বাকিগুলোর শ্রেণি পরিবর্তন করা হয়েছে কৌশলে—যা রেলের জমি জালিয়াতির প্রমাণ বহন করে বলেও দাবি শ্রমিকদের।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, রানিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক এস কে বাড়ি, সিজিপিওয়াই সংগ্রাম পরিষদের আহ্বায়ক হোসেন শহীদ ও দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান শিশির প্রমুখ।

