গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি জাতীয় সংসদ গঠন অপরিহার্য।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে তিনি বলেন, “গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধনও করা যাবে না। এর জন্য অবশ্যই জাতীয় সংসদ প্রয়োজন।”
তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্মই হলো প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা। সবার পরিচয় একটাই—বাংলাদেশের নাগরিক। ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন বলেন, “যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলন হয়েছে, সেই বাংলাদেশ নির্মাণে আমাদের কাজ করতে হবে। আমরা বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র চাই।”
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর বাইরে চাপিয়ে দেওয়া যেকোনো প্রস্তাব জনগণই মূল্যায়ন করবে।
এদিকে খালেদা জিয়ার পক্ষে আজ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলেও তিনি সমাবেশে জানান।

