সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“দোয়া অব্যাহত রাখুন”—জিয়া পরিবারের অনুরোধ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। দল-মত নির্বিশেষে বিভিন্ন স্তরের নাগরিকরা তাঁর সুস্থতা কামনায় দোয়া করছেন।

- Advertisement -

মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও বেগম জিয়ার চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং তাঁর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে তিনি প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তার নিশ্চয়তা দিয়েছেন।

এদিকে, দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল উচ্চমানের পেশাদারিত্বের পাশাপাশি আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্র থেকেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা ও দোয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে জিয়া পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।”

এ প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, বিদেশে থাকা পরিবারের সদস্যদের মানবিক প্রত্যাশা থাকলেও বিষয়টি পুরোপুরি একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। রাজনৈতিক বাস্তবতার জটিলতার কারণে বিষয়টি ব্যাখ্যার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

দেশবাসী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ ও প্রার্থনা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও