চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে অফিস সহকারী মো. ইয়াছিন অফিসে এসে দেখেন, দক্ষিণ পাশের কক্ষের জানালার গ্রিল কাটা এবং ভেতরে এলোমেলো কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
আরো জানুন: আনোয়ারায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
এ ঘটনায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার অফিস বন্ধ করে কর্মচারীরা বাসায় চলে যান। পরদিন সকাল ৯টার দিকে ডা. করবী বড়ুয়া ও অফিস সহকারী ইয়াছিন অফিসে এসে দেখেন জানালার গ্রিল কাটা। পরে বিভিন্ন কক্ষ তল্লাশি করে তারা একটি ডেস্কটপ কম্পিউটার, সিপিউ, দুটি ল্যাপটপ, লেনোভো ব্র্যান্ডের ১৩টি ট্যাব, একটি সনি এলইডি টিভি, সিসিটিভি ডিভিআর, ডিজিটাল ক্যামেরা এবং নগদ ২৫ হাজার টাকা চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা।
এফএ (এ.আই) সানি দাশ বলেন, “প্রতিদিন বহু পশুপালক এই অফিসে আসেন। চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র—সবই চুরি হয়ে গেছে। এতে স্বাভাবিক সেবা বিঘ্নিত হবে।”
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চুরি হওয়া মালামালের তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

