উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণি বিতান (নিউ মার্কেট) প্রাঙ্গণে শুরু হয়েছে উইন্টার ফেস্টিভ্যাল ২০২৫।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় ফেস্টিভ্যালের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।
বিপণি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি সগির আহমেদ, উৎসব কমিটির আহ্বায়ক সামশুদ্দিন আহমদ, মো. রেজাউল করিম সেন্টু, মো. জানে আলম চৌধুরীসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, “চট্টগ্রাম বিপণি বিতান অত্যাধুনিক নকশায় নির্মিত একটি গুরুত্বপূর্ণ মার্কেট। এর সৌন্দর্য ও সুবিধা বৃদ্ধিতে আরও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। ক্রেতা–বিক্রেতার সুবিধা বিবেচনায় নতুন নতুন সেবা নিশ্চিত করতে সিডিএ কাজ করছে।”
তিনি শীতকালীন ফেস্টিভ্যাল আয়োজনকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও সৃজনশীল ও ক্রেতামুখী আয়োজনের আহ্বান জানান।
সভাপতি সৈয়দ খুরশিদ আলম বলেন, “বিপণি বিতান শুধু চট্টগ্রাম নয়—বাংলাদেশের ব্যবসায়িক ঐতিহ্যের প্রতীক। এখানে ক্রেতা-বিক্রেতার মধ্যে পারিবারিক সৌহার্দ্য ও বিশ্বাসের সম্পর্ক বহুদিনের।”
সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম বলেন, “নিউ মার্কেট চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। ক্রেতাদের সুবিধা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা শুরু করেছি উইন্টার ফেস্টিভ্যাল। এতে ক্রেতারা উপকৃত হবেন বলে আশা করছি।”
উৎসবে জানানো হয়—নিউ মার্কেটের ৬০ বছরের গৌরব সামনে রেখে আগামী বছর আয়োজন করা হবে ‘Glory of 60 Years’ উদযাপন। এ উপলক্ষে উইন্টার ফেস্টিভ্যাল ২০২৫–কেই আগামী বছরের অনুষ্ঠানের আনুষ্ঠানিক কাউন্টডাউন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

