চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রমের সূচনা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এবছর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী—এই তিনটি কেন্দ্রে একই তারিখ ও একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করার সময় নিজ নিজ পছন্দের কেন্দ্র নির্বাচন করেছেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ আসনে উপস্থিত হয়ে আসন নিশ্চিত করতে হবে। প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বেলা ১১টার পর কাউকে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।
প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে ভর্তির ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবেন। সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে ডাউনলোডকৃত এক কপি প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা প্রযোজ্য ক্ষেত্রে ‘এ’ লেভেলের Statement of Entry-এর মূল কপি সঙ্গে রাখতে হবে।
পরীক্ষার হলে Fx-100 বা এর নিচে সাধারণ মানের ক্যালকুলেটর (মেমোরি অপশন ও সিম ব্যতীত) ব্যবহার করা যাবে। তবে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথসহ যেকোনো ধরনের যোগাযোগযোগ্য ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিশেষভাবে জানানো হয়েছে, বি ইউনিট এবং বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা কোনো ধরনের ক্যালকুলেটর সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন না।
ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতে পারে উল্লেখ করে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র বা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

