মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

এক ঢিলে দুই পাখি—ওজন ও মাইগ্রেন কমালেন আমির খান

বিনোদন ডেস্ক:

২০২৬ সালে সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে নতুন যাত্রা শুরু করেছেন বলিউড তারকা আমির খান। সম্প্রতি তিনি জানিয়েছেন, একটি প্রদাহ-বিরোধী ডায়েট অনুসরণ করে তিনি ১৮ কেজি ওজন কমিয়েছেন। তবে এই ওজন হ্রাস কোনো নির্দিষ্ট চরিত্রের জন্য নয়; মূলত দীর্ঘদিনের মাইগ্রেন সমস্যা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা।

- Advertisement -

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’। ছবিটির মুক্তির আগেই বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপচারিতায় ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা নিজের শারীরিক পরিবর্তনের কথা জানান। কত কেজি ওজন কমিয়েছেন—এই প্রশ্নের জবাবে হেসে আমির বলেন, “আসলে আঠারো কেজি।”

ওজন কমানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এটি কোনো পরিকল্পিত রূপান্তর ছিল না। স্বাস্থ্যগত কারণে যে নতুন ডায়েট তিনি অনুসরণ করছেন, সেটিই তার শরীরে ইতিবাচক প্রভাব ফেলেছে। “এই ডায়েট আমার জন্য জাদুর মতো কাজ করেছে,” বলেন আমির।

তবে অভিনেতার কাছে ওজন কমার চেয়েও বড় প্রাপ্তি হলো মাইগ্রেনের উপশম। এ বিষয়ে তিনি জানান, “আমি মূলত মাইগ্রেনের সমস্যার জন্যই এই প্রদাহ-বিরোধী ডায়েট শুরু করি। শুধু ওজনই কমেনি, আমার মাইগ্রেনের সমস্যাও অনেকটাই কমে গেছে।”

প্রসঙ্গত, প্রদাহ-বিরোধী ডায়েট এমন একটি খাদ্যাভ্যাস, যা শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সহায়তা করে বলে মনে করা হয়। দীর্ঘমেয়াদি প্রদাহের সঙ্গে মাইগ্রেন, জয়েন্টের ব্যথা ও অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যার সম্পর্ক রয়েছে। এই ডায়েটে সাধারণত তাজা শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ ও জলপাই তেলের মতো স্বাস্থ্যকর চর্বি গ্রহণে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, অতি-প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

তবে আমির খানের এই সময়ের খাবার তালিকার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও