জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইন মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধা জীবন দিয়েছেন, তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্ত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, দায়িত্ব পাওয়া আনন্দের হলেও এর সঙ্গে বড় ধরনের দায়িত্ববোধও কাজ করে। এ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যেভাবে আইন মন্ত্রণালয়কে দেখতে চায়, সেভাবেই মন্ত্রণালয় পরিচালনার চেষ্টা করা হবে।
এ সময় তিনি আরও জানান, ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আইন মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার।

