রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইওভারে বাইকযাত্রীকে নামিয়ে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ফ্লাইওভারের ওপর এক বাইকযাত্রীকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সাঈদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলী ওয়ামিম খান পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

- Advertisement -

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৪৫ মিনিটে আক্তারুজ্জামান ফ্লাইওভার-এর পাঁচলাইশ থানা অংশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলী ওয়ামিম জানান, তিনি পাঠাও বাইকে করে বহদ্দারহাট প্রান্ত দিয়ে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় সাঈদ হোসেন বেপরোয়া গতিতে তার কালো রঙের নিশান এক্স-ট্রেইল (চট্টমেট্রো-ঘ ১১-২৩১২) গাড়ি দিয়ে চাপ দিলে বাইকটি পড়ে যাওয়ার উপক্রম হয়। পরে তিনি গাড়ি থেকে নেমে বাকবিতণ্ডায় জড়ান।

সড়কে উপস্থিত অন্যান্য চালক ও যাত্রীরা প্রতিবাদ জানালে তিনি সরে যান। তবে অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় একই বাইকের গতিরোধ করে যাত্রী আলী ওয়ামিমকে নামিয়ে শারীরিকভাবে আঘাত করেন।

ঘটনার পর আলী ওয়ামিম পাঁচলাইশ থানায় জিডি করেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা নেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, ব্যবহৃত গাড়িটি ফটিকছড়ির আবুল হাসেমের নামে নিবন্ধিত। তিনি দাবি করেন, গাড়িটি অনেক আগেই সাঈদ হোসেনের কাছে বিক্রি করেছেন, তবে এখনো আনুষ্ঠানিক মালিকানা হস্তান্তর সম্পন্ন হয়নি।

যোগাযোগ করা হলে সাঈদ হোসেন নিজেকে আইনজীবী পরিচয় দেন এবং তার ভাই বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলে দাবি করেন। তার ভাষ্য, ভুক্তভোগী তার গাড়িতে হাত দিয়ে আঘাত করায় তিনি শাস্তি দিয়েছেন।

সড়কে কাউকে শারীরিকভাবে আঘাত করা যায় কি না—এ প্রশ্নে তিনি বলেন, “অবশ্যই যায়।”

প্রতিবেদকের সঙ্গে কথোপকথনে তিনি ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান এবং থানায় নেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ হোসেন বহদ্দারহাট এলাকায় পৈত্রিক সম্পদের মালিক। বহদ্দারহাট আরাকান সড়কে তার একটি জিম ব্যবসা রয়েছে। অতীতে তিনি ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, সড়কে তর্ক-বিতর্ক হলেও কাউকে শারীরিকভাবে আঘাত করার অধিকার কারও নেই। এটি দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও বলেন, ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা, মারধর বা হুমকি—সবই ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। ভুক্তভোগী চাইলে নিয়মিত মামলা দায়ের করতে পারেন।

পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে, আলী ওয়ামিমের অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও