শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাহাব উদ্দিন শাবু গ্রেফতার

চট্টগ্রামে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই শাহাব উদ্দিন শাবুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি প্রবেশ গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং-এর সার্বিক নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। শাহাব উদ্দিন শাবু ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় বসবাস করছিলেন। অপর আসামি পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকার বাসিন্দা এবং বর্তমানে চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। এছাড়া তার সহযোগী পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও