সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ২ টাকায় ঈদ পোশাক, ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ছাত্রদল। মাত্র ২ টাকায় ঈদ পোশাক বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

- Advertisement -

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় পিকআপভ্যানে ভ্রাম্যমাণ বাজার বসিয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রায় ১৫০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিসসহ শিশুদের জন্য বিভিন্ন পোশাক দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, হিমেল চৌধুরী, পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ, তারিফুর ইসলাম, নকিবুর রহমান এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা।

উপকারভোগী আলমগীর হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতিতে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। ঈদের সময় নতুন কিছু কেনার সামর্থ্য থাকে না। মাত্র ২ টাকায় ঈদ উপহার পেয়ে আমি খুব খুশি।”

আরেক উপকারভোগী আলিয়া খাতুন বলেন, “ঈদ সামনে রেখে পরিবারের জন্য কিছু কেনা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এমন সময়ে ২ টাকায় প্রয়োজনীয় পোশাক পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি।”

আয়োজকদের পক্ষ থেকে উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, “আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদ সবার জন্য আনন্দের হলেও অনেকেই আর্থিক সংকটে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা দান নয়, সম্মানের সঙ্গে তাদের হাতে পোশাক তুলে দিতে চেয়েছি—তাই প্রতীকীভাবে ২ টাকা রাখা হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ঈদকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করলেও মিরসরাইয়ে ২ টাকায় পোশাক বিতরণ একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও