দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান। তিনি অভিযোগ করেন, অসাধু কিছু ব্যবসায়ী পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটতে চাচ্ছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে সখীপুর উপজেলা-এ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের সরকারের আমলে কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়া হবে না। যারা বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জ্বালানি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, “যানবাহন চালকদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।”
এসময় তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। “সরকার ক্ষমতায় যাওয়ার আগ থেকেই আমরা বিষয়টি গুরুত্ব দিয়েছি। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

