চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর (২৫) গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আবু বক্কর তার ৬-৭ জন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে কক্সবাজার রওনা দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের বহরের একটি মোটরসাইকেল সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আবু বক্করকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

