চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এই মুহূর্তে এ ধরনের কোনো প্রকল্প বাস্তবায়নে সরকার এগোচ্ছে না।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআরবি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সিআরবির বর্তমান অবস্থা, কোনো অবৈধ স্থাপনা আছে কি না এবং বিদ্যমান অফিস ও কোয়ার্টারগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই এই পরিদর্শন করা হয়েছে।
তিনি জানান, অতীতে এখানে পিপিপি পদ্ধতিতে ২০০ শয্যার এবং পরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব এসেছিল এবং অনুমোদনও পেয়েছিল। তবে পরিবেশগত উদ্বেগ ও স্থানীয়দের আপত্তির কারণে প্রকল্পটি আর এগোয়নি।
মন্ত্রী বলেন, “সিআরবি চট্টগ্রামের ফুসফুস হিসেবে বিবেচিত। এখানে পরিবেশের ক্ষতি হতে পারে—এমন আশঙ্কা থেকেই তখন প্রকল্পটি স্থগিত করা হয়।”
বর্তমান অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, নাগরিক সমাজ এবং সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, বিকল্প কোনো স্থানে হাসপাতাল নির্মাণের বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিবেশের ক্ষতি করে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না।
সিআরবি ঘিরে চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্দোলন মানুষের অধিকার। তবে সরকার এখনই কোনো প্রকল্প বাস্তবায়নে যাচ্ছে—এমন পরিস্থিতি নেই।
সবশেষে তিনি বলেন, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত হলে তা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়েই নেওয়া হবে এবং রেলওয়ের জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ বর্তমান সরকার দিচ্ছে না।

