চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না।
মিছিলটি নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমাদের প্রতিটি নেতাকর্মীর অবস্থান স্পষ্ট। কিন্তু প্রতিপক্ষ গোপনে হামলা চালিয়ে পরে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চায়।”
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। কোনো লেখা বা বক্তব্য পছন্দ না হলে পাল্টা বক্তব্য দেওয়া সম্ভব, কিন্তু হামলার পথ বেছে নেওয়া প্রমাণ করে তারা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করে না।
নাছির উদ্দীন দাবি করেন, চট্টগ্রাম সিটি কলেজের সাম্প্রতিক ঘটনায় তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ করে স্বাভাবিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম-এর সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন-এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আলাউদ্দিন মহসিন, আব্দুল্লাহ নোমান, রবিউল আলম রবি, তকিবুল হাসান চৌধুরী তকী এবং সরওয়ার হোসেন রুবেল প্রমুখ।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রসংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

