পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে আগামী ২৮ মে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্পভাবে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করে থাকেন।
ঈদের দিন দেশজুড়ে ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করবেন।
জাতীয় ঈদগাহের প্রধান জামাত আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

