বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এক পণ্যে স্বস্তি, বাকি সব আগুন—চট্টগ্রামের বাজারচিত্র

সিনিয়র রিপোর্টার:

চট্টগ্রামের খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও ডিম, সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে এখনো স্বস্তি ফিরেনি। এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কমলেও বাজারের সামগ্রিক ব্যয় আগের মতোই বেশি থাকায় ক্রেতাদের ভোগান্তি কাটছে না।

- Advertisement -

শুক্রবার নগরীর কর্ণফুলী মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে কাঁচা মরিচ প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছিল, তা বর্তমানে নেমে এসেছে ২৮০ থেকে ৩২০ টাকায়।

বিক্রেতাদের ভাষ্য, ভারত থেকে মরিচ আমদানি শুরু হওয়ায় সরবরাহ বেড়েছে, যার ফলে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত দাম কমেছে।

তবে মরিচে খানিকটা স্বস্তি এলেও তার প্রভাব পড়েনি ডিম ও সবজির বাজারে। ফার্মের এক ডজন ডিম এখনো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, পাড়া-মহল্লার দোকানে কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে।

এক ক্রেতা এ প্রসঙ্গে বলেন, মরিচের দাম কমলেও ডিম, সবজি আর অন্যান্য নিত্যপণ্যের দাম এতটাই বেশি যে সামগ্রিক বাজার খরচে কোনো স্বস্তি মিলছে না তার।

সবজির বাজার ঘুরেও মিলেছে মিশ্র চিত্র। লম্বা বেগুনের দাম কমে কেজিতে নেমেছে ৮০ থেকে ১০০ টাকায়, তবে গোল বেগুন এখনো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। শসা মিলছে ৬০ থেকে ৮০ টাকায়, কাঁচা পেঁপে ৩৫ থেকে ৪০ টাকায়। ধুন্দল, ঝিঙা ও চিচিঙ্গার দাম ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতিও একই দামে বিক্রি হচ্ছে, আর কচুরমুখি মিলছে ৭০ থেকে ৮০ টাকায়। পটোলের দাম ৬০ থেকে ৮০ টাকা এবং করলা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা কেজিতে। এ ছাড়া চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৭০ টাকা এবং দেশি লাউ ৭০ থেকে ৯০ টাকায় বিকোচ্ছে।

পেঁয়াজের বাজারে অবশ্য কোনো পরিবর্তন আসেনি, প্রতি কেজি বিক্রি হচ্ছে আগের মতোই ৬০ টাকায়। আলুর দামও অপরিবর্তিত রয়েছে, কেজিপ্রতি ৩০ টাকায়। মাংসের বাজারও মোটামুটি স্থিতিশীল—বাজারভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায় এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায়।

ব্যবসায়ীদের মতে, বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজির সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি, যে কারণে অধিকাংশ পণ্যের দাম চড়া রয়েছে। তবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে আগামী সপ্তাহগুলোতে বাজারে আরও কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে তাদের আশা।

সর্বশেষ

এই বিভাগের আরও