আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে প্রকাশ্যে বালু উত্তোলনের সময় স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈকতের লুসাই পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ভরাটের কাজের কথা বলে সৈকত থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কাজের কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র দেখাতে পারেননি।
বিষয়টি জানাজানি হলে সৈকতের পরিবেশ, উপকূলীয় প্রতিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বালু উত্তোলনে বাধা দেন। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে শ্রমিকরা ব্যবহৃত সরঞ্জাম ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, পারকি সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

