চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় উল্লেখযোগ্য হারে কমেছে পাসের সংখ্যা। এবার বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটাই কম। গতবছর এই হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংশ্লিষ্ট তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
তিনি জানান, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন, যাদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।
এরমধ্য থেকে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে— এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন, যেখানে গতবছর এই সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন।
বিভাগভিত্তিক ফলাফলেও এবার নিম্নমুখী প্রবণতা স্পষ্ট। বিজ্ঞান বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৪১ শতাংশ, যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ, আগেরবার যা ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ। সবচেয়ে বড় পতন দেখা গেছে মানবিক বিভাগে— এবার পাসের হার মাত্র ৩৮ দশমিক ৭৯ শতাংশ, যেখানে গত বছর এই হার ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলেও দেখা গেছে বড় ধরনের পতন। চট্টগ্রাম মহানগরে পাসের হার এবার ৭৪ শতাংশ, গত বছর যা ছিল ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ, আগেরবার ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ। কক্সবাজারে পাসের হার নেমেছে ৫৭ দশমিক ৩ শতাংশে, যা গত বছর ছিল ৭০ দশমিক ৭৬ শতাংশ।
পার্বত্য জেলাগুলোতে ফলাফলের এই পতন আরও প্রকট। রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ১৭ শতাংশ, গত বছরের ৫৬ দশমিক ৫৫ শতাংশ থেকে যা উল্লেখযোগ্য হারে কম। খাগড়াছড়িতে অবস্থা সবচেয়ে খারাপ— পাসের হার মাত্র ৩৪ দশমিক ৯৯ শতাংশ, যেখানে গত বছর ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। বান্দরবানে পাসের হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ, আগেরবার যা ছিল ৬৩ দশমিক ১২ শতাংশ।
এবারের ফলাফলে ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে উল্টো চিত্রও রয়েছে— ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

