সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিধিমালায় নেই ‘শাপলা’— এনসিপিকে প্রতীক দিচ্ছে না ইসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

- Advertisement -

তিনি বলেন, “বিধিমালায় যেহেতু শাপলা প্রতীক নেই, কমিশন স্ববিবেচনায় অন্য কোনো প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।”

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে ইসি সচিব জানান, দেশজুড়ে ৩০০টি সংসদীয় আসনে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, “এর মধ্যে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি ভোটকক্ষ থাকবে—যার মধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি পুরুষ ভোটকক্ষ এবং ১ লাখ ২৯ হাজার ৬০২টি মহিলা ভোটকক্ষ।”

প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “একটি ভোটকেন্দ্রে গড়ে ৩ হাজার ভোটার থাকবে। এটিকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা পরে সামঞ্জস্য করা হবে।”

ইসি সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হয়। এরপর ১২ অক্টোবর নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর তালিকা চূড়ান্ত করা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী নির্বাচনের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত তালিকা প্রকাশ বাধ্যতামূলক।

আখতার আহমেদ বলেন, “আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী এখনো দু’টি বিষয়ে কিছুটা পিছিয়ে আছি—
একটি হলো রাজনৈতিক দলের নিবন্ধন, অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন।”

তিনি আরও জানান, মাঠপর্যায় থেকে নতুন দলের তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের বিষয়টি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গণভোটের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “গণভোট সংক্রান্ত কোনো তথ্য বা প্রস্তাব এখনো কমিশনে আসেনি।”

তিনি বলেন, “যদিও কিছু কাজ সময়সূচির তুলনায় সামান্য পিছিয়ে, তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন করা সম্ভব হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও