বলিউড সুপারস্টার সালমান খান তার পরবর্তী বড় প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন। ভারতের প্রখ্যাত প্রযোজক দিল রাজু-এর ব্যানারে নির্মিত ‘এসভিসি৬৩’ (সাময়িক নাম) ছবির শুটিং আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।
মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ড-এ ছবির প্রথম শিডিউলের কাজ শুরু হবে। সেখানে ঘনবসতিপূর্ণ শহরের আদলে বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যেখানে একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন সালমান খান।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাস মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে। ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সিনেমার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দক্ষিণী নির্মাতা ভামসি পাইদিপল্লি পরিচালিত ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও অরবিন্দ স্বামী-কে।
উল্লেখ্য, পরিচালক ভামসি এর আগে ‘ইয়েভাদু’ ও ভারিসু-র মতো সফল সিনেমা উপহার দিয়েছেন।
এদিকে, সালমান খানের আরেক প্রতীক্ষিত সিনেমা মাতৃভূমি-র মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধভিত্তিক সিনেমাটি ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও সংবেদনশীল বিষয়বস্তুর কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

