চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।
এ সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং হাত ধরে বিশেষভাবে সজ্জিত মঞ্চে নিয়ে যান। পরে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এরপর দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
স্বাগত অনুষ্ঠান শেষে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিল্প সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

