৪৫ বছর বয়সেও নিজের ফিটনেস ও সৌন্দর্য ধরে রেখেছেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তার ফিটনেস দেখে বয়স অনুমান করা অনেকের কাছেই কঠিন। মেয়ে পলক তিওয়ারির সঙ্গে তাকে দেখলে অনেক সময় মা-মেয়ের চেয়ে দুই বোন বলেই মনে হয়।
দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন শ্বেতা। সম্প্রতি জিমে যাওয়ার প্রস্তুতি এবং জিম ব্যাগে প্রয়োজনীয় সামগ্রী কীভাবে গুছিয়ে রাখেন, তার কিছুটা তুলে ধরেছেন তিনি।
শুধু শরীরচর্চাই নয়, ব্যায়ামের আগে ত্বকের যত্ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন এই অভিনেত্রী।
জিমের আগে ত্বকের যত্ন
শরীরচর্চার আগে ত্বকের জন্য দীর্ঘ কোনো রুটিন অনুসরণ করেন না শ্বেতা। মুখে হালকা ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এবং ঠোঁটে লিপ বাম ব্যবহার করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, বাইরে গিয়ে শরীরচর্চা করলে সানস্ক্রিন ব্যবহার করা গুরুত্বপূর্ণ। তবে জিমে যাওয়ার আগে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। ঘামের সঙ্গে প্রসাধনী মিশে ত্বকে অস্বস্তি, জ্বালা কিংবা ব্রণের সমস্যা তৈরি করতে পারে।
ব্যায়ামের আগে মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। ব্যায়াম শেষে গোসল করে ত্বকে আরামদায়ক ময়েশ্চারাইজার ব্যবহার করাও উপকারী।
জিম ব্যাগে থাকে যা যা
শ্বেতার জিম ব্যাগে শরীরচর্চার পোশাকের পাশাপাশি থাকে ব্যায়ামের জুতো, মোজা, অতিরিক্ত পোশাক ও তোয়ালে।
ভেজা তোয়ালে ব্যবহারের পর বহনের ঝামেলা এড়াতে তিনি একবার ব্যবহারযোগ্য তোয়ালে রাখেন। শরীরচর্চার সরঞ্জামের মধ্যে থাকে রেজিস্ট্যান্স ব্যান্ড ও লুপ ব্যান্ড। স্ট্রেচিং ও শক্তিবর্ধক বিভিন্ন ব্যায়ামে এগুলো ব্যবহার করা যায়।
এ ছাড়া আলাদা তিনটি থলিতে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখেন শ্বেতা। একটিতে থাকে শৌচালয়ে ব্যবহারের সামগ্রী, অন্যটিতে গোসলের পর ব্যবহারের জিনিসপত্র এবং আরেকটিতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় সামগ্রী।
স্যানিটারি ন্যাপকিন ও প্যান্টি লাইনারও সঙ্গে রাখেন অভিনেত্রী। তার জিমের প্রস্তুতি থেকে স্পষ্ট—ফিটনেসের পাশাপাশি ত্বকের যত্ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাকেও সমান গুরুত্ব দেন শ্বেতা তিওয়ারি।

