চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
সরকারি সংগ্রহ অভিযানে প্রতি কেজি ধানের মূল্য ৩৫ টাকা, সেদ্ধ চালের মূল্য ৪৯ টাকা এবং আতপ চালের মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এসব তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা ধান বিক্রি করতে আগ্রহী হলে নির্ধারিত ৩ লাখ মেট্রিক টনের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান কেনার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, আগামী ১৪ নভেম্বর আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে, চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।
সংবাদ সম্মেলনে সুগন্ধি চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে জানানো হয়, রপ্তানির কারণে নয়, বরং উৎপাদন কম হওয়ায় বাজারে এ চালের দাম বেড়েছে। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলা হয়, সরকার সুগন্ধি চাল ব্যাপক পরিমাণে রপ্তানি করেনি। অল্প পরিমাণে রপ্তানি করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।
এ ছাড়া দেশের কোন অঞ্চলে কোন ফসল ভালো উৎপাদিত হয়, তা জানতে ভূমি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে জরিপ চালাচ্ছে বলে জানানো হয়। সুগন্ধি চালের উৎপাদন বাড়ানোর উদ্যোগ ও সুপারিশ প্রণয়নে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে এ বিষয়ে সুপারিশ দেবেন।

