মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আনোয়ারায় ভোরে সড়কে আগুন, অবরোধের চেষ্টা

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

- Advertisement -

এ সময় হেলমেট ও মুখোশ পরা ১০ থেকে ১২ জন তরুণ বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পিএবি সড়কে জড়ো হন।

পরে তাঁরা সড়কের ওপর একাধিক টায়ার জ্বালিয়ে এবং ইট ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন। এতে সড়কের দুই পাশে কয়েকটি যানবাহন আটকা পড়ে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মুখোশ পরা ১০ থেকে ১২ জন তরুণ সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধের চেষ্টা করছেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধের চেষ্টাকারীরা সেখান থেকে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পিএবি সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ব্যক্তি টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা সেখান থেকে সরে যান। এতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও