চট্টগ্রাম নগরের বন্দর থানার অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগসহ যুবলীগ ও আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বড়পুল মোড়ের পোর্ট কানেক্টিং রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। সোমবার রাত ১০টার দিকে তারা মশাল, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পোর্ট কানেক্টিং রোডে নাশকতার চেষ্টা চালায়।
ঘটনার পর বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
অভিযানের সময় অন্য আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো বাঁশের পাঁচটি মশালের অংশ, ১১টি ইটের টুকরা ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। এর মধ্যে বিদেশ থেকে অর্থায়ন, মিথ্যা তথ্য প্রচার এবং আশ্রয়দানের বিষয়ও রয়েছে।
আজ (মঙ্গলবার) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

