দেশের উত্তরাঞ্চলে আগামী ১০ নভেম্বর থেকেই শীতের আভাস মিলতে পারে। মাসের শেষ দিকে সারাদেশেই জেঁকে বসবে শীত—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এবারের শীতে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানবে।
ডিসেম্বর মাসে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং এই সময়কালেই শৈত্যপ্রবাহের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম বলেন, আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২টি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তিনি আরও জানান, এ সময়ে উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ–নদী অববাহিকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরনের এবং উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে। এতে শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

