বুধবার, ৮ এপ্রিল ২০২৬

কনেদের জন্য উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের গোপন কৌশল

জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো বিয়ে। কনে মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি চাইবেন তার ত্বকও উজ্জ্বল, স্বাস্থ্যকর ও নিখুঁত দেখাতে। এজন্য বিয়ের আগে ত্বকের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- Advertisement -

রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, বিয়ের অন্তত ছয় সপ্তাহ আগে নিয়মিত ত্বক পরিচর্যা শুরু করলে কনে সহজেই উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক পেতে পারেন। এই সময় নিয়মিত পরিচর্যা ও পর্যাপ্ত বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ।

ত্বককে পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বাইরে বের হলে ধুলাবালি, রোদ ও দূষণের কারণে ত্বকে ময়লা জমে, যা ব্রণ ও ত্বকের নিস্তেজতা বাড়ায়। তাই দিনে দুইবার মুখ ধোয়া প্রয়োজন। প্রাকৃতিক উপাদানে ত্বক পরিষ্কার করলে আরও ভালো ফল পাওয়া যায়। ত্বক নরম ও উজ্জ্বল রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বক মেকআপে দাগ তৈরি করতে পারে, তাই নিজের ত্বকের ধরন অনুযায়ী নিয়মিত ময়েশ্চারাইজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিয়ের অন্তত এক মাস আগে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। এটি ত্বককে রোদ থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ত্বককে পুনরুজ্জীবিত করে, মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং চোখের নিচের কালো দাগ ও ফুসকুড়ি কমায়।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও সুন্দর ত্বকের জন্য অপরিহার্য। প্রচুর সবজি, ফল, পানি, বাদামি চাল ও বাদাম গ্রহণ করা উচিত। ভাজাপোড়া, চিনি ও অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। বিয়ের আগে ঘরোয়া হোম কেয়ার প্যাক যেমন দই, কমলার খোসা বা রস, বেসন, মধু এবং অ্যালোভেরা ব্যবহার করলেও ত্বক নরম ও উজ্জ্বল হয়। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করলে দেহের ভেতরের বিষাক্ত উপাদান বের হয়ে যায় এবং ত্বক উজ্জ্বল থাকে।

বিয়ের তিন মাস আগে ফেইশল করা শুরু করলে ত্বক আরও বেশি উজ্জ্বল ও মসৃণ থাকে, যা বিয়ের দিন ও অন্যান্য অনুষ্ঠানে মেকআপ ছাড়া সুন্দর দেখাবে। এছাড়া মানসিক চাপ কমানোও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চাপ ত্বকের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই প্রতিদিন হাঁটা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা ছোট কিছু রিলাক্সেশন অভ্যাস ত্বককে সতেজ রাখে।

সর্বশেষ

এই বিভাগের আরও