মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার ত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকবে—গোলাম আকবর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় রাউজান উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে বিশাল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রবিবার বেলা ১১টায় রাউজানের গহিরায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম আকবর খোন্দকার–এর বাসভবনসংলগ্ন মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর দৃঢ়তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও মানুষের অধিকার থেকে কখনো পিছু হঠেননি তিনি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে প্রমাণ করেছেন—জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না। আজকের শোকসভা কেবল শোক প্রকাশ নয়, এটি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার।”

শোকসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।

শোকসভা ও মিলাদ মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং বিএনপির নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও অসহায়-দরিদ্র মানুষের জন্য কয়েক হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও