বুধবার, ৮ এপ্রিল ২০২৬

“ঈদি পেয়েছি”—খুশিতে ভাসছেন পূর্ণিমা

ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অনুষঙ্গ সালামি বা ঈদি। বাবা-মা, বড় ভাই-বোন কিংবা স্বজনদের কাছ থেকে পাওয়া এই সালামি শুধু অর্থ নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, স্নেহ আর আশীর্বাদ। আর সেই আনন্দই এবার সামাজিক মাধ্যমে ভাগাভাগি করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

- Advertisement -

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুই পোজে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, তার হাতে রয়েছে ৫০০ টাকার নতুন দুটি নোট। ক্যাপশনে তিনটি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন— “ঈদি পেয়েছি, আলহামদুলিল্লাহ।”

এই পোস্ট থেকেই স্পষ্ট, বয়স বাড়লেও ঈদের সালামি পাওয়ার আনন্দে ভাটা পড়েনি এই অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্ণিমা জানিয়েছেন, ছোটবেলার ঈদই ছিল তার কাছে সবচেয়ে আনন্দের। তিনি বলেন, ঈদের সময় নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতে চেষ্টা করতেন। তার মা দুই বোনের জন্য বিশেষ ডিজাইনের পোশাক তৈরি করতেন, যা ঈদের আগে লুকিয়ে রাখা হতো।

তিনি আরও বলেন, “কেউ যেন আমার ঈদের জামা আগে না দেখে—এই বিষয়টা নিয়ে বন্ধুমহলে আলাদা উত্তেজনা ছিল। ঈদের দিন সেই পোশাক পরে সবাইকে চমকে দিতাম—এটাই ছিল সবচেয়ে বড় আনন্দ।”

অন্যদিকে, এবারের ঈদে টেলিভিশন দর্শকদের জন্যও রয়েছে চমক। পূর্ণিমা অংশ নিচ্ছেন বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’-এ। সাত দিনব্যাপী এই অনুষ্ঠানটি প্রচার করবে নাগরিক টিভি। ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে এবং ঈদের দ্বিতীয় দিনে দেখা যাবে পূর্ণিমাকে।

ঈদের আনন্দ, স্মৃতি আর বর্তমান উচ্ছ্বাস—সব মিলিয়ে পূর্ণিমার এই ছোট্ট পোস্টই যেন ভক্তদের জন্য হয়ে উঠেছে এক টুকরো ঈদ উপহার।

সর্বশেষ

এই বিভাগের আরও