ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নিয়মিত কাজ করে তিনি ভেঙেছেন পুরোনো ধারণা—যেখানে সিনেমার অভিনেতাদের টিভিতে আসা একসময় নেতিবাচক হিসেবে দেখা হতো।
ক্যারিয়ারে তিনি কাজ করেছেন রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খান-এর মতো শীর্ষ নায়কদের সঙ্গে। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে মনের মাঝে তুমি, মধুর মিলন এবং ওরা আমাকে ভালো হতে দিল না।
বিশেষ করে কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
দীর্ঘ ক্যারিয়ারের এই সময়ে ব্যক্তিজীবন ও পেশাগত সাফল্য নিয়ে সন্তুষ্ট সময় পার করছেন এই অভিনেত্রী। এখনও তার রূপ ও সৌন্দর্য ভক্তদের মুগ্ধ করে। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করে ভক্তদের কাছে নিজেকে নতুনভাবে তুলে ধরেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে ভক্তদের প্রশংসা নিয়ে কথা বলতে গিয়ে পূর্ণিমা বলেন, “আপনারা বলতে থাকেন, আমি উপভোগ করছি। এটা আমার জন্য আশীর্বাদ।”
তবে নিজেকে একমাত্র সুন্দরী মনে করেন না এই অভিনেত্রী। তিনি বলেন, “আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছেন। তাই আমি একমাত্র সুন্দরী—এটা আমি বিশ্বাস করি না।”
ভক্তদের ভালোবাসাকেই নিজের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা আর দোয়াতেই আমি আজকের জায়গায়।”

