বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মাঝরাতে পায়ে টান ধরে ঘুম ভাঙে? জেনে নিন কারণ ও করণীয়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

হঠাৎ গভীর রাতে পায়ের পেশিতে তীব্র টান ধরে ঘুম ভেঙে যাওয়া অনেকেরই পরিচিত অভিজ্ঞতা। তখন পা নড়ানো বা সোজা করাও কঠিন হয়ে পড়ে। অনেকে শুধু পানিশূন্যতাকেই এর কারণ মনে করলেও চিকিৎসকরা বলছেন, পেশিতে টান ধরার পেছনে আরও নানা কারণ থাকতে পারে।

- Advertisement -

বিশেষজ্ঞদের মতে, শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন পেশিতে টান ধরার অন্যতম প্রধান কারণ। শরীরে তরল কমে গেলে পেশির স্বাভাবিক সঙ্কোচন-প্রসারণ ব্যাহত হয়, ফলে হঠাৎ খিঁচুনি বা টান অনুভূত হতে পারে।

এ ছাড়া ক্যালশিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজের ঘাটতিও পেশিতে টান ধরার ঝুঁকি বাড়ায়। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, অতিরিক্ত হাঁটাহাঁটি কিংবা শারীরিক পরিশ্রমের কারণেও এ সমস্যা দেখা দিতে পারে।

গর্ভবতী নারী এবং যাদের শরীরে ভিটামিন ডি বা ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে, তাদের মধ্যে এই সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়।

চিকিৎসকদের ভাষ্য, রাতে বিশ্রামের সময় শরীরের নিচের অংশে রক্ত চলাচল কিছুটা কমে যায়। ফলে পায়ের পেশিতে পর্যাপ্ত অক্সিজেন ও প্রয়োজনীয় খনিজ পৌঁছাতে না পারলে মাঝরাতে হঠাৎ টান ধরতে পারে।

পেশিতে টান ধরলে আক্রান্ত স্থানে হালকা মালিশ করলে কিছুটা আরাম পাওয়া যায়। বরফ সেঁক বা আইস প্যাক ব্যবহার করলেও ব্যথা ও অস্বস্তি কমতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এ সমস্যা হলে রক্ত পরীক্ষা করে শরীরে ভিটামিন ও খনিজের মাত্রা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করলে এ ধরনের সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

সর্বশেষ

এই বিভাগের আরও