প্রতিদিন একই ধরনের গরুর মাংসের পদ খেতে খেতে একঘেয়েমি চলে আসতেই পারে। স্বাদে নতুনত্ব আনতে ঘরেই তৈরি করতে পারেন মেথি দিয়ে গরুর মাংস ভুনা। মেথির হালকা তিতকুটে সুবাস ও মসলার অনন্য সংমিশ্রণে তৈরি এই পদ ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ উপভোগ্য।
উপকরণ
১ কেজি গরুর মাংস (মাঝারি টুকরা)
১ কাপ মোটা করে কাটা পেঁয়াজ
৪ টেবিল চামচ মরিচ গুঁড়া
২ টেবিল চামচ হলুদ গুঁড়া
৫-৬টি কাঁচামরিচ
২টি এলাচ
২ টুকরা দারুচিনি
১ টেবিল চামচ মেথি
পরিমাণমতো সয়াবিন তেল
স্বাদমতো লবণ
প্রস্তুত প্রণালী
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি হাঁড়িতে পরিমাণমতো তেল গরম করে মেথি দিয়ে ফোড়ন দিন।
এরপর পেঁয়াজ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে সুগন্ধ বের হলে গরুর মাংস যোগ করে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন।
মাংসের সঙ্গে মশলা মিশে গেলে পরিমাণমতো গরম পানি দিয়ে হাঁড়ি ঢেকে দিন। মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচামরিচ যোগ করুন। ঝোল শুকিয়ে মাখা মাখা অবস্থায় এলে চুলা থেকে নামিয়ে নিন।
গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ও সুগন্ধি মেথি দিয়ে গরুর মাংস ভুনা।

