দেশজুড়ে চলমান তাপপ্রবাহে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও তাপজনিত বিভিন্ন অসুস্থতার ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় অবস্থান করলে ডিহাইড্রেশন, হিট এক্সহশন, পেশিতে টান এবং হিটস্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
মাথা ঘোরা, বমি বমি ভাব, তীব্র মাথাব্যথা, দ্রুত হৃদস্পন্দন, খিঁচুনি, গাঢ় রঙের প্রস্রাব কিংবা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন নিচের ৫টি খাবার ও পানীয়—
১. ঘোল ও লাচ্ছি
গরমে শরীর ঠান্ডা রাখতে ঘোল ও লাচ্ছি বেশ কার্যকর। বিশেষজ্ঞরা ঘরে তৈরি ঘোল বা লাচ্ছি পান করার পরামর্শ দেন। এতে শরীরের পানির ঘাটতি পূরণ হয় এবং ক্লান্তি কমে।
২. ডাবের পানি
প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটে সমৃদ্ধ ডাবের পানি শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। তীব্র গরমে নিয়মিত ডাবের পানি পান করলে শরীর সতেজ থাকে এবং প্রয়োজনীয় খনিজের ঘাটতি পূরণ হয়।
৩. লেবুর শরবত
এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত গরমে স্বস্তি এনে দেয়। সামান্য লবণ মিশিয়ে তৈরি করা লেবুর শরবত শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। তবে অতিরিক্ত চিনি ব্যবহার না করাই ভালো।
৪. তরমুজ
তরমুজে পানির পরিমাণ অনেক বেশি। এটি শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি গরমের ক্লান্তি দূর করতেও সহায়তা করে। নিয়মিত তরমুজ খেলে পানিশূন্যতার ঝুঁকি কমে।
৫. শসা
শসা শরীরকে ঠান্ডা রাখতে অত্যন্ত উপকারী। সালাদ, রায়তা কিংবা সাধারণভাবেই এটি খাওয়া যায়। এতে থাকা প্রচুর পানি শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
বিশেষ পরামর্শ
তাপপ্রবাহের সময়ে পর্যাপ্ত পানি পান করুন, অপ্রয়োজনে রোদে বের হওয়া এড়িয়ে চলুন এবং খাদ্যতালিকায় পানিসমৃদ্ধ ফল ও পানীয় রাখুন। এতে হিটস্ট্রোকসহ তাপজনিত নানা স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

