শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চিকিৎসাব্যয় কমাতে স্বাস্থ্যবিমা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

- Advertisement -

একই সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসাব্যয় কমাতে স্বাস্থ্যবিমা চালু, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। তবে সব কার্যক্রম একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন হওয়ায় সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। ধাপে ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে এসব কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষকে প্রায়ই আর্থিক সংকটে পড়তে হয়। মানুষের পকেট থেকে চিকিৎসাবাবদ ব্যয়ের চাপ কমাতে স্বাস্থ্যবিমা বা ‘হেলথ ইন্স্যুরেন্স’ চালুর বিষয়ে মন্ত্রণালয় বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গর্ভকালীন সময়ে মা ও নারীরা যেন বিব্রতকর পরিস্থিতির শিকার না হন, সে জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে নারীরা একই জায়গায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উপজেলা পর্যায়ে কম খরচে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির আদলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর যন্ত্র ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি স্তরে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও