বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গুজব ও উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসকের

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তাঁরা বোয়ালখালীর ঐতিহ্যবাহী মেধস মুনির আশ্রম এবং উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা বিনাপানি পূজামণ্ডপ পরিদর্শন করেন। জৈষ্ঠ্যপুরা বিনাপানি পূজামণ্ডপটি উপজেলার অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন পূজামণ্ডপ হিসেবে পরিচিত।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে প্রশাসন, পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, ১০ নম্বর আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক মন্নান, ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, রানু মজুমদার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মেধস মুনির আশ্রমের মহারাজ শ্রীমৎ দীপানন্দ মহারাজ এবং বোয়ালখালী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।

সর্বশেষ

এই বিভাগের আরও