বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়ক সাজবে ফুল ও সবুজে: মেয়র শাহাদাত

স্টাফ রিপোর্টার

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাসযোগ্য নগরী গড়ে তুলতে ব্যাপক সবুজায়নের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম নগরীকে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নান্দনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চকবাজার প্যারেড কর্নার টাক শাহ মাজার গেট থেকে চন্দনপুরা এক্সেস রোড মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে গাছের চারা রোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মেয়র সড়কের আইল্যান্ডে রোপণ করা গাছের চারা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নগরীর সড়ক ও উন্মুক্ত স্থানগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। এটি একটি দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ। দেশের প্রতিটি নাগরিক বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে এলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় নগরীতে ১০ লাখ গাছ রোপণ করা হচ্ছে। নগরীর কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের সব মিড-আইল্যান্ড ফুল ও সবুজে সাজিয়ে তোলা হচ্ছে। সড়কের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হচ্ছে।”

নগরীর সবুজায়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মেয়র বলেন, ইতোমধ্যে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কের মধ্যবর্তী সড়কদ্বীপে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ ও শিউলিসহ প্রায় ১০ প্রজাতির দেশীয় গাছ লাগানো হয়েছে। বিমানবন্দর এলাকাও নানা রঙের ফুলে শোভা পাচ্ছে। এসব গাছের পরিচর্যায় নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে গাছে ফোটা ফুল নগরবাসীকে নান্দনিক আনন্দ দিচ্ছে।

মিড-আইল্যান্ডে লাগানো গাছপালা ও সৌন্দর্যবর্ধনকারী স্থাপনা রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করে মেয়র বলেন, অসচেতনতার কারণে বিভিন্ন সড়কের মিড-আইল্যান্ডে লাগানো গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ ফুল ছিঁড়ে ফেলছেন, আবার কেউ সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন। এমনকি মাদকসেবীদের মাধ্যমে বিভিন্ন স্থানে স্থাপিত রেলিং চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে হবে। এ জন্য মিড-আইল্যান্ডের গাছপালা, ফুল ও রেলিংয়ের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং কোথাও এমন ঘটনা ঘটতে দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, করোনা মহামারির সময় মানুষ অক্সিজেনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করেছে। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশকে সুস্থ রাখতে ভূমিকা রাখে। তাই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও