কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর আলম তার মুঠোফোন থেকে রাষ্ট্রবিরোধী একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
তবে বার্তাটি তিনি কাকে পাঠিয়েছিলেন, তা এখনো জানা যায়নি। তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি পুলিশ। পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট মামলাটির তদন্তের দায়িত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার প্রাথমিক প্রমাণ পাওয়ার ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তাকে জিজ্ঞাসাবাদের পর তার ব্যক্তিগত ও দাফতরিক মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে একটি বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

