চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল জালিয়াতি যেন থামছেই না। কখনো ১০ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানো, কখনো একাধিক বিষয়ে ফেল করেও জিপিএ-৫ পাওয়া, আবার কখনো পরীক্ষা না দিয়েও ভালো ফল পাওয়ার অভিযোগ উঠেছে।
একের পর এক মামলা, তদন্ত কমিটি ও অভিযোগপত্রের পরও বন্ধ হচ্ছে না এই অনিয়ম। প্রশ্ন উঠেছে, বোর্ডের ভেতরে থাকা প্রকৃত অপরাধীরা কি বারবারই আড়ালে থেকে যাচ্ছেন?
সর্বশেষ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, ১০ বিষয়ে অকৃতকার্য ওই শিক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর বাড়িয়ে ফল পরিবর্তন করা হয়েছে। তবে ফলাফল প্রস্তুতের কারিগরি দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করায় নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যাঁদের হাতে ফলাফল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাঁদের ভূমিকা তদন্তের আওতায় এসেছে কি না, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
এর আগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও পুলিশের অভিযোগপত্র নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তিন দফা তদন্তের পরও ১২টি উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের আবেদনকারীকে শনাক্ত করা যায়নি। একই সঙ্গে ফলাফল পরিবর্তনের কারিগরি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও পুরোপুরি স্পষ্ট চিত্র পাওয়া যায়নি বলে নথি পর্যালোচনায় উঠে এসেছে।
এমন পরিস্থিতিতে নতুন ফল জালিয়াতির মামলাগুলোর তদন্ত অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আদেশের তথ্য পাওয়া যায়নি। পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তাও বলেছেন, এ ধরনের কোনো কাগজ তিনি পাননি। তবে ডিজিটাল অপরাধের তদন্তে বিশেষায়িত দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে সিআইডির তদন্তে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, ফলাফল জালিয়াতির মতো জটিল ডিজিটাল অপরাধের তদন্তে শুধু সাক্ষ্য বা নথি পর্যালোচনা যথেষ্ট নয়। কম্পিউটার, সার্ভার, ইউজার অ্যাকাউন্ট, আইপি অ্যাড্রেস ও ডিজিটাল লগ জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা জরুরি। আগের মামলার তদন্তে এসব বিষয়ে কতটা অনুসন্ধান হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাই এবার বিশেষায়িত সংস্থার তদন্তে জালিয়াতির নেপথ্যের ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা সামনে আসবে—এমন প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে নগরের পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলার নম্বর ২৬/২৩৪। বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বাদী হয়ে মামলাটি করেন।
এজাহার অনুযায়ী, পুনর্নিরীক্ষণের সময় এক শিক্ষার্থীর পদার্থবিজ্ঞান বিষয়ের উত্তরপত্রের নম্বরের সঙ্গে বোর্ডের কম্পিউটার সেল থেকে পাওয়া প্রিন্ট আউটের নমরে ব্যাপক পার্থক্য ধরা পড়ে। পরে বোর্ডের প্রোগ্রামার যাচাই করে নম্বরের গরমিলের সত্যতা পান।
এ ঘটনায় বোর্ড চেয়ারম্যানের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দুজন আইসিটি বিশেষজ্ঞের কারিগরি সহযোগিতায় মূল উত্তরপত্র, পরীক্ষকদের পাঠানো নম্বর ফর্দ, প্রকাশিত ফলাফল এবং এমসিকিউ ওএমআরসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিটি। গত ৯ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়।
এজাহারে বলা হয়েছে, শিক্ষার্থীর ১১টি বিষয়ের সৃজনশীল অংশের নম্বর বাড়ানো হয়েছে। বাংলার প্রথম পত্রে ২৩ থেকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪ থেকে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২ করা হয়। গণিতে ৯ থেকে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ থেকে ৬৪, উচ্চতর গণিতে শূন্য থেকে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্য থেকে ৪৫, রসায়নে ১ থেকে ৪৬, জীববিজ্ঞানে ১ থেকে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ থেকে ৬৫ নম্বর করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীর ইন্ধনে কম্পিউটার সেলের সংশ্লিষ্ট তিন কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় নম্বর পরিবর্তনের অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন কম্পিউটার সেলের স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মো. রাশেদুল ইসলাম এবং কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান। এ ছাড়া ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তদন্তে শনাক্তযোগ্য অন্য ব্যক্তি ও অজ্ঞাতনামা সহযোগীদেরও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
নতুন মামলায় কম্পিউটার সেলের তিন কর্মচারীকে আসামি করা হলেও ফলাফল প্রস্তুতের কারিগরি দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করায় প্রশ্ন তুলেছেন অন্য একটি শিক্ষা বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার মূল ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকেন। অথচ এ মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী। ফলে মূল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাদ দিয়ে শুধু দৈনিক কর্মচারীদের আসামি করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের কৌশলে বাঁচানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। মামলার এজাহারে সৃজনশীল অংশের নম্বর পরিবর্তনের কথা বলা হয়েছে। শিক্ষার্থী এমসিকিউ অংশেও ফেল করেছিল কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।’
ওই কর্মকর্তার ভাষ্য, এজাহারে যেভাবে নম্বর পরিবর্তনের কথা বলা হয়েছে, তাতে প্রোগ্রামার ছাড়া অন্য কারও এ কাজ করার সুযোগ থাকার কথা নয়। কারণ, ওই প্রক্রিয়ায় রোল নম্বর থাকে না। নম্বর পরিবর্তন করতে হলে মূল ডিভাইসে প্রবেশ করতে হয়, যা কেবল প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার ব্যবহার করতে পারেন।
তবে এটি ওই কর্মকর্তার বক্তব্য ও কারিগরি মূল্যায়ন। সংশ্লিষ্ট সিস্টেমে কার প্রবেশাধিকার ছিল, কারা ব্যবহার করেছেন এবং ডিজিটাল লগে কী তথ্য রয়েছে, তা পরীক্ষা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।
বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী পাঁচলাইশ মডেল থানায় চারজনের বিরুদ্ধে এজাহার দেওয়া হয়েছে।’
মূল দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করার বিষয়ে তিনি বলেন, ‘ফল জালিয়াতির ঘটনা জানার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি যাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সম্ভবত সে কারণেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, কারা জড়িত তা জানা যাবে।’
বোর্ড সচিবের ভাষ্য, প্রাথমিকভাবে কম্পিউটার শাখার স্ক্যানিং প্রক্রিয়ায় জালিয়াতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে বুয়েটের অনলাইন আবেদন ও আইটি ব্যবস্থার কোনো দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার বিষয়। ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার শাখায় বর্তমানে দুজন প্রোগ্রামার দিয়ে কাজ পরিচালনা করা হয়। কাজের চাপ বেশি হলে দৈনিক মজুরিভিত্তিতে ৮ থেকে ১০ জন বা তারও বেশি কর্মচারী নিয়োগের নজির রয়েছে। এ ব্যবস্থাপনাও নতুন করে ঢেলে সাজানোর কথা বলছে বোর্ড কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির অভিযোগ নতুন নয়। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের তৎকালীন এক কর্মকর্তার ছেলে নক্ষত্র দেবনাথের ফল জালিয়াতির অভিযোগে ২০২৫ সালের ২১ জানুয়ারি পাঁচলাইশ থানায় মামলা হয়। বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি করা হয় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, কিবরিয়া মাসুদ খান, নক্ষত্র দেবনাথ ও অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে।
এ ঘটনায় শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের তদন্তে ফল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে নক্ষত্রের ফলাফল, সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট বাতিল করা হয়। মামলায় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ও কিবরিয়া মাসুদ খান কারাগারেও যান। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
তবে অভিযোগ রয়েছে, প্রশাসনিক তদন্তে যাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছিল এবং ফলাফল প্রস্তুত ও প্রকাশের দায়িত্বে ছিলেন, তাঁদের অনেককেই মামলার আওতায় আনা হয়নি। যদিও প্রশাসনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া এবং ফৌজদারি মামলায় প্রত্যেকের অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণ করা এক বিষয় নয়।
পুলিশের সর্বশেষ অভিযোগপত্রে চারজনকে অভিযুক্ত করা হলেও ডিজিটাল তথ্য-প্রমাণের পূর্ণাঙ্গ বিবরণ এবং ফলাফল পরিবর্তনের কারিগরি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নথি পর্যালোচনাকারীরা।
২০২৩ সালের ফল জালিয়াতির ঘটনায় শুরুতেই সামনে আসে আরেকটি অস্বাভাবিক তথ্য। ফল প্রকাশের পর নক্ষত্র দেবনাথের পরিবার জানতে পারে, তার ছয়টি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন আগেই করা হয়েছে। এ ঘটনায় নক্ষত্রের মা বনশ্রী নাথ ২০২৩ সালের ৪ ডিসেম্বর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৩৩৫।
জিডির তদন্তে জানা যায়, ২৮ নভেম্বর ২০২৩ রাত ৮টা ১৩ মিনিটে একটি টেলিটক নম্বর থেকে ওই ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। নম্বরটি নিবন্ধিত ছিল মামুনুর রহমান মামুনের নামে। সেটি চকবাজারের ‘চকরিয়ার কম্পিউটার’ নামের একটি দোকানে ব্যবহার করা হতো।
আবেদনে রেফারেন্স হিসেবে ব্যবহৃত বাংলালিংক নম্বরটি নিবন্ধিত ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীমের নামে। ওই নম্বরে পুনর্নিরীক্ষণের আবেদনের নিশ্চিতকরণ বার্তাও আসে। ফলে বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন বলে ধারণা করা হয়।
তবে দোকানমালিক পুলিশকে জানান, প্রতিদিন অনেক মানুষ তাঁর দোকানে অনলাইন আবেদন করতে আসেন। নির্দিষ্ট আবেদনকারীকে তাঁর মনে নেই। দোকানে সিসিটিভি ক্যামেরাও ছিল না। ফলে আবেদনকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।
জিডির তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিমের প্রতিবেদনে বলা হয়, আবদুল আলীমের নম্বর রেফারেন্স হিসেবে ব্যবহার করা হলেও তাঁর সরাসরি সম্পৃক্ততার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের সঙ্গে অধ্যাপক আবদুল আলীমের দ্বন্দ্বের বিষয়টি প্রতিবেদনে উঠে আসে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে জিডির তদন্ত প্রতিবেদন শেষ করা হয়।
পরে বনশ্রী নাথ সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। মামলা নম্বর ৫২/২০২৪। এর তদন্ত করে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সঞ্জয় গুহ ২০২৪ সালের ১৫ জুলাই প্রতিবেদন দাখিল করেন।
সাইবার তদন্তে ফেসবুকের ‘Alex Alim’ ও ‘Edris Ali’ আইডি থেকে পোস্ট দেওয়ার সত্যতা পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নক্ষত্রের ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন আবদুল আলীম বা মুহাম্মদ ইদ্রিস আলী করেছিলেন, এমন প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, অন্য কারও রোল ও রেজিস্ট্রেশন নম্বর জানা থাকলে টেলিটক নম্বর ব্যবহার করে আবেদন করা সম্ভব। এমনকি রেফারেন্স হিসেবে অন্য ব্যক্তির নম্বরও ব্যবহার করা যায়। অর্থাৎ, দুটি তদন্তের পরও ১২টি পত্রের আবেদনকারী অজ্ঞাতই থেকে যান। অন্যদিকে ফেসবুক পোস্টের ঘটনায় পৃথক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে সাইবার তদন্তে উল্লেখ করা হয়।
মূল ফল জালিয়াতির মামলায় পুলিশের সর্বশেষ অভিযোগপত্রে বলা হয়েছে, কিবরিয়া মাসুদ খান ফলাফল প্রস্তুতের কারিগরি কাজে যুক্ত ছিলেন। অফিসের স্বাভাবিক কার্যক্রম শেষে তিনি কম্পিউটার সেলে একাকী কাজ করতেন বলে সাক্ষীদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের নির্দেশে তিনি ডিজিটাল রেকর্ড পরিবর্তন করে সার্ভারে আপলোড ও প্রকাশে সহযোগিতা করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
তবে কোন কম্পিউটার থেকে তথ্য পরিবর্তন করা হয়েছে, কোন ইউজার আইডি ব্যবহার করা হয়েছে, কোন আইপি অ্যাড্রেস থেকে লগইন করা হয়েছে কিংবা সার্ভার লগে কী তথ্য রয়েছে—এসব বিষয়ে অভিযোগপত্রে সুনির্দিষ্ট কারিগরি তথ্যের ঘাটতি রয়েছে বলে নথি পর্যালোচনায় প্রশ্ন উঠেছে।
আদালতের আদেশে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় থেকে নক্ষত্রের উত্তরপত্র ও নম্বর ফর্দ জব্দ করা হয়। এসব নথিতে প্রকৃত নম্বরের তুলনায় অতিরিক্ত নম্বর দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
তবে উত্তরপত্রে বেশি নম্বর পাওয়া এবং কম্পিউটারের মাধ্যমে ফলাফল পরিবর্তনকারী ব্যক্তিকে শনাক্ত করা দুটি আলাদা বিষয়। প্রথমটির পক্ষে নথিগত উপাদান থাকলেও দ্বিতীয়টির ক্ষেত্রে নির্দিষ্ট ডিজিটাল প্রমাণের ধারাবাহিকতা কতটা প্রতিষ্ঠিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অধ্যাপক মুস্তফা কামরুল আখতারের বিরুদ্ধে অভিযোগপত্রে নক্ষত্রের একটি আবেদনে তাঁর লেখা ‘ব্যবস্থা নিন’ নির্দেশনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ওই নির্দেশনার সঙ্গে পরবর্তী সময়ে নম্বর পরিবর্তনের সরাসরি যোগসূত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ ছাড়া ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদনকারীকে শনাক্ত করা, ওই আবেদনের সঙ্গে ফল জালিয়াতির সম্পর্ক নির্ধারণ এবং নম্বর পরিবর্তনের সুনির্দিষ্ট প্রযুক্তিগত সময়রেখা তৈরির বিষয়গুলো আরও গভীর অনুসন্ধানের দাবি রাখে।
অভিযোগপত্রের এসব সীমাবদ্ধতা থেকে তদন্ত কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে দায়সারা তদন্ত করেছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে গুরুত্বপূর্ণ অনুসন্ধান অসম্পূর্ণ থাকলে আদালতে মামলার প্রমাণ উপস্থাপনে জটিলতা তৈরি হতে পারে।
বারবার মামলা ও তদন্তের পরও জালিয়াতি বন্ধ হচ্ছে না কেন—এ প্রশ্নও সামনে এসেছে। বোর্ডের কর্মকর্তাদের ব্যক্তিগত দ্বন্দ্বকে কাজে লাগিয়ে প্রকৃত অপরাধীরা ফায়দা তুলছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম বলেন, ‘দীর্ঘদিন ধরে এক ধরনের বিচারহীনতা চলছে। জবাবদিহি নেই। এসব না থাকার কারণে ফল জালিয়াতি করার সাহস পাচ্ছে। একটু একটু অপরাধ করতে করতে এখন বড় অপরাধও করছে। ফলে অপরাধটা স্বাভাবিক রূপ নিচ্ছে।’
শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা আলম বলেন, ‘আমরা কেন এই দুর্নীতিটা রোধ করতে পারছি না? শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন দুর্নীতি রোধ করা না যাবে, ততদিন শিক্ষা ব্যবস্থার এই অনিয়ম রয়ে যাবে। দ্রুত সময়ে এসব ফল জালিয়াতি বন্ধ করা দরকার।’
তাঁদের বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধের বিষয়টি সামনে এসেছে। কারণ, একটি পাবলিক পরীক্ষার ফলাফল শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয় নয়; লাখো শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমের মূল্যায়নও এর সঙ্গে জড়িত। সেখানে অর্থের বিনিময়ে কিংবা প্রভাব খাটিয়ে নম্বর পরিবর্তনের সুযোগ থাকলে পুরো মূল্যায়নব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
নতুন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, ‘আগেও একটি এইচএসসি ফল জালিয়াতির অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তা। কিন্তু তাঁদের অনেকেই এখন বোর্ডে নেই। শুনেছি ওএসডি। তবে বর্তমানে কারা আবারও ফল জালিয়াতি করছে, তা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। বাকিটা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।’
মামলাটি সিআইডিতে যাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না এবারের মামলাটি সিআইডিতে যাচ্ছে কি না। এ ধরনের কোনো কাগজ আমি পাইনি।’
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে একটি মামলার এজাহার দেওয়া হয়েছে। বাদী বোর্ডের সচিব। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ফলাফল পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট কম্পিউটার, ইউজার, আইপি অ্যাড্রেস বা সার্ভার লগের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা হয়েছে কি না কিংবা এসব আলামত জব্দ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এর আগেও ফল জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। গত বছর এসএসসির ৩৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন করে ১৭ শিক্ষার্থীকে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। ২০২৩ সালে বোর্ডের তৎকালীন সচিবের ছেলের ১১টি বিষয়ের ফল জালিয়াতির অভিযোগ নিয়েও আলোচনা হয়। এসব ঘটনার প্রকৃত চিত্র, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় এবং তদন্তের অগ্রগতি জনসমক্ষে স্পষ্ট করা জরুরি।
একটি শিক্ষা বোর্ডের কম্পিউটার শাখায় মাত্র দুজন প্রোগ্রামার দিয়ে গুরুত্বপূর্ণ ফলাফল প্রস্তুত ও প্রকাশের কাজ পরিচালনা, কাজের চাপ সামলাতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ওপর নির্ভরতা এবং ডিজিটাল নিরাপত্তার দুর্বলতা—সবকিছুই নতুন করে পর্যালোচনার দাবি রাখে।
এখন প্রশ্ন, ফলাফল জালিয়াতির ঘটনায় শুধু নিম্নপর্যায়ের কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেই কি দায় শেষ হবে? ফলাফল প্রস্তুত, যাচাই, অনুমোদন ও প্রকাশের প্রতিটি পর্যায়ে কার কী দায়িত্ব ছিল, তা কি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে?
আগের ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের অনেকেই বর্তমানে বোর্ডে কর্মরত নেই। তাঁদের বিরুদ্ধে মামলা হলেও ফলাফল প্রস্তুত ও প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ভূমিকা কতটা তদন্তের আওতায় এসেছে, তা স্পষ্ট নয়।
তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেটিও জনসমক্ষে পরিষ্কার করা প্রয়োজন। আগের ঘটনার যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত না হওয়ায় নতুন করে একই ধরনের জালিয়াতির সুযোগ তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফেরাতে শুধু মামলা কিংবা তদন্ত কমিটি গঠন যথেষ্ট নয়। প্রয়োজন স্বাধীন ও বিশেষায়িত তদন্ত, ডিজিটাল আলামত জব্দ ও ফরেনসিক পরীক্ষা, ফলাফল পরিবর্তনের প্রতিটি ধাপের নিরীক্ষা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তদন্তে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধী যেন প্রভাব কিংবা কৌশলে রেহাই না পান। ফলাফল প্রস্তুত থেকে প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে আগের মামলার তদন্ত ও অভিযোগপত্রের সীমাবদ্ধতাগুলোও পর্যালোচনা করতে হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির পুনরাবৃত্তি বন্ধে এবার অপরাধের শিকড় পর্যন্ত পৌঁছানো জরুরি। এ ক্ষেত্রে সিআইডির মতো বিশেষায়িত সংস্থার নিরপেক্ষ ও গভীর তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বোর্ডের ভেতরে কিংবা বাইরে—যেখানেই জালিয়াতির নেপথ্যের ব্যক্তিরা থাকুন, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
চট্টগ্রামবাসীর প্রত্যাশা, সিআইডি তদন্তের দায়িত্ব পেলে শুধু সামনে থাকা কয়েকজন কর্মচারী নয়, ফল জালিয়াতির পুরো চক্রের মুখোশ উন্মোচন করবে। বেরিয়ে আসবে কারা নম্বর পরিবর্তন করেছেন, কারা সুযোগ করে দিয়েছেন, আর কারা আড়াল থেকে কলকাঠি নেড়েছেন। এবারও যদি প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যান, তাহলে একের পর এক মামলা করেও শিক্ষা বোর্ডের প্রতি মানুষের আস্থা ফেরানো কঠিন হবে।

