রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে যারা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজ। অন্যদিকে, গোপালগঞ্জের বিদায়ী ডিসি মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক করা হয়েছে।

রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও মহড়ার খবরের মধ্যে জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই পরিবর্তন আনা হলো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। এ সময় কয়েকজনের মাথায় হেলমেটও ছিল। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত এলো।

সর্বশেষ

এই বিভাগের আরও