ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারখানার নিরাপত্তার স্বার্থে জেলার অন্তত ২৯টি তৈরি পোশাক কারখানায় বন্ধ ও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর মধ্যে ১৩টি কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রোববার (১৫ নভেম্বর) সকালে আরও ১৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এদিকে, রোববার সকালেও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভের চেষ্টা করেছেন শ্রমিকরা। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, রোববার সকালে শ্রমিকরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা সফল হতে পারেননি। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, রোববার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান হাজারো শ্রমিক। কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের নোটিশে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে বহিরাগত ও কিছু বিক্ষুব্ধ শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছেন।
এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ কঠোর অবস্থানের কথা জানায়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা বিবেচনায় কারখানার মালিকরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকলে ১৫ নভেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখা হবে।
শ্রম আইন অনুযায়ী, বেআইনি ধর্মঘটের কারণে এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে বন্ধকালীন সময়ে শ্রমিকরা মজুরি পাবেন না। অর্থাৎ, এ ক্ষেত্রে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর হবে।
উল্লেখ্য, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত মাসের শেষ দিক থেকে গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা।
লাগাতার আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

