রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চসিকের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনা প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার (Conch Venture)। এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনা প্রতিনিধিদল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে তাদের প্রযুক্তিগত সক্ষমতা, অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্পের বিবরণ তুলে ধরে। একই সঙ্গে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয় তারা।

বৈঠকে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে।

এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি কর্পোরেশনকে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’

তিনি বলেন, ‘আমার লক্ষ্য একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

আমরা চাই, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা এমন একটি পর্যায়ে নিয়ে যেতে, যেখানে বর্জ্য পরিবেশদূষণের কারণ না হয়ে অর্থনৈতিক সম্পদে পরিণত হবে। এর মাধ্যমে একদিকে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হবে, অন্যদিকে নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।’

প্রশাসক বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দরনগরী এবং অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নগরীতে বর্জ্যের পরিমাণও বাড়ছে।

প্রচলিত পদ্ধতিতে শুধু বর্জ্য সংগ্রহ করে ভাগাড়ে ফেলার মাধ্যমে দীর্ঘমেয়াদে এ সমস্যার সমাধান সম্ভব নয়। বর্জ্যের পরিমাণ কমানোর পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত নিরাপত্তা, প্রযুক্তির কার্যকারিতা, আর্থিক সাশ্রয়, দীর্ঘমেয়াদি পরিচালনা ব্যয় এবং নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, যা ভবিষ্যতে সিটি কর্পোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। প্রকল্পটি হতে হবে বাস্তবসম্মত, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদে টেকসই।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত নগরীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ ও প্রযুক্তিগতভাবে সক্ষম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তবে চট্টগ্রামের বাস্তবতা, বর্জ্যের প্রকৃতি ও পরিমাণ এবং বিদ্যমান অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রকল্প পরিকল্পনা করতে হবে।

বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি আধুনিক গ্রেট ফার্নেস প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদন করে থাকে।

এ ছাড়া বর্জ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও পরিবেশগত নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে তাদের।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের মোট ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।

প্রতিনিধিদল চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রকল্প প্রস্তাব করে। বৈঠকে প্রস্তাবটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, প্রয়োজনীয় অবকাঠামো এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রশাসক বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে আমরা আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তিকে স্বাগত জানাই। তবে প্রকল্প গ্রহণের আগে বর্জ্যের প্রাপ্যতা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রয়োজনীয় জমি, পরিবেশগত প্রভাব এবং অর্থায়নের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা জরুরি। সিটি কর্পোরেশন নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্ভাবনাময় প্রস্তাবগুলো বিবেচনা করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব চট্টগ্রাম রেখে যেতে হবে। এ জন্য প্রচলিত ব্যবস্থার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে।

আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাকে একটি আধুনিক ও টেকসই ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব।’

বৈঠকে চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ (Han Jiwu), কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই (Li Chaohui), হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং (Cheng), প্রতিনিধি কেন্ট (Kent), কাও (Cao) এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ ড্যানিয়েল ইসলাম।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও