রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

এসপি জাহাঙ্গীরের কর্মকাণ্ডের দায় ব্যক্তিগত, নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

- Advertisement -

তিনি বলেছেন, কোনো কর্মকর্তা রাষ্ট্রবিরোধী বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত। এর দায়ভার পুলিশ বাহিনী বহন করবে না।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিএমপি কমিশনার।

এসপি মর্যাদার একজন কর্মকর্তার গ্রেপ্তারে পুলিশ বাহিনীর মধ্যে কোনো ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হাসান মো. শওকত আলী বলেন, ‘এটি মানসিকভাবে চাপে পড়ার মতো কোনো বিষয় নয়। যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়াবেন, ব্যক্তিগত দায় তাকেই নিতে হবে। এর সঙ্গে বাহিনীর কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘এটি সবার জন্য একটি স্পষ্ট বার্তা যে, যারাই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধেই কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া সম্পর্কে সিএমপি কমিশনার জানান, রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের ক্ষেত্রে আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন প্রয়োজন ছিল।

শনিবার সরকারের অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়। মামলা দায়েরের পরপরই তাকে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। স্পর্শকাতর এ মামলার তদন্ত করবে এসআরইউ। নিয়ম অনুযায়ী রোববারই তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত একটি বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় দলটির নেতাকর্মীদের ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর পরিকল্পনা এবং পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি।

ডিআইজি আরও জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

ফরেনসিক প্রতিবেদনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ার পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও