স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উৎসবমুখর পরিবেশে সারাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবার সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সাতজন করে স্বেচ্ছাসেবক রাখবেন। আমাদের আনসার থাকবে আটজন করে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মাঠে থাকবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকেও প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে এ বছর পূজার জন্য প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চালও বিতরণ করা হয়েছে।
নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এটা শুধু আমি বলছি না, পূজা কমিটির নেতারাই বলছেন। সব মণ্ডপেই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
মণ্ডপ নির্মাণের শুরু থেকেই পূজা কমিটি ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করছে। শুধু সরকারি বাহিনী নয়, নিজস্ব গার্ড ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্বে থাকবেন। ২৪ তারিখ থেকে আনসার সদস্য ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মাঠে নামবেন।”
তিনি বলেন, “পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। সব ধর্মের মানুষ যেন মিলেমিশে কাজ করতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে।”

