প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশের জন্য কিছু করার এটিই তার জীবনের শেষ সুযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, “৭৩ বছর বয়সে আমার আর চাওয়ার কিছু নেই, তবে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতেই চাই।”
মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। রাজনীতিবিদদের সঙ্গেও আলোচনা করা হবে। আপনারা যারা সাবেক ইসি কর্মকর্তা, কোথায় কোথায় গ্যাপ থাকে, যেখান দিয়ে কারচুপি হয় সেটাও জানাবেন—যেন আমরা ব্যবস্থা নিতে পারি।”
তিনি আরও উল্লেখ করেন, ভোটার তালিকা হালনাগাদে গ্রামীণ এলাকায় ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে। নারী-পুরুষ ভোটারের মধ্যে ৩০ লাখের পার্থক্য কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কয়েদিদের ভোটাধিকার নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট বা হাইব্রিড পদ্ধতি চালু করা হচ্ছে।
আধুনিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “এখন এআই অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এসবও মোকাবিলা করতে হচ্ছে।”
সিইসি যোগ করেন, “একটা বিশেষ পরিস্থিতিতে, ক্রান্তিলগ্নে আমরা দায়িত্ব নিয়েছি। আমার লক্ষ্য একটাই—জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”
সংলাপটি সঞ্চালনা করেন ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ। সভায় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাচনী বিশেষজ্ঞরা।

