রাঙামাটির মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৬ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘ রাণী চাকমা (৪৫), শান্তি রঞ্জন চাকমা (৬০), শান্তনা চাকমা (৪০) ও শোভা চাকমা। তারা সবাই পিকআপটির যাত্রী ছিলেন।
আহতরা হলেন সুমন চাকমা (৪৫) ও পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)।
পুলিশ জানায়, ভোরে চালকসহ ছয় যাত্রী ও মালামাল নিয়ে কল্যাণপুর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাচ্ছিল পিকআপটি। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত সুমন চাকমা জানান, ভোর ৫টার দিকে কুতুকছড়ির হাটের উদ্দেশে মালামাল নিয়ে তারা কল্যাণপুর থেকে রওনা দেন। সাপছড়ি-মানিকছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়।
নিহত শোভা চাকমার স্বজন লিটন চাকমা জানান, প্রতি রোববার কুতুকছড়িতে হাট বসে। সেই হাটে যাওয়ার উদ্দেশেই শোভা চাকমা রওনা দিয়েছিলেন।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

