শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ছুটির আমেজ, শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৬ দিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটির আমেজ।

- Advertisement -

সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৫ থেকে ১৬ দিন পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্যও থাকছে টানা পাঁচ দিনের অবকাশ।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। পাশাপাশি ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকায় মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, কলেজগুলোতে ছুটির সময় আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ পাচ্ছেন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে কোনো অভিন্ন সময়সূচি নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজার ছুটি নির্ধারণ করবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্যও থাকছে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের অবকাশ পাবেন।

সব মিলিয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে ছুটির আবহ তৈরি হচ্ছে। দীর্ঘ এই বিরতিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি উৎসব উদ্‌যাপনের সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও