শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শীতের সবজি আসার আগেই চড়া বাজার, টমেটো ২০০ টাকা, শিম ১৬০

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

শীতের সবজি বাজারে আসতে এখনো দেরি। তার আগেই রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দাম চড়া। পেঁপে আর মিষ্টিকুমড়া ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে মিলছে না। কোনো কোনো সবজির কেজি ১০০ টাকা ছুঁয়েছে। আগাম শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, আর টমেটোর কেজি ১৮০ থেকে ২০০ টাকা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের কেজি ১০০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সও মিলছে ৮০ টাকা দরে। এর দ্বিগুণ দামে, অর্থাৎ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে আগাম শিম। সবচেয়ে চড়া টমেটো, যার কেজি ১৮০ থেকে ২০০ টাকা।

টাউন হল বাজারের সবজি বিক্রেতা মানিক জানান, শীতের সবজি আসার আগে দাম এমনিতেই কিছুটা বাড়তি থাকে। এর ওপর ট্রাকভাড়া বেড়েছে, যার প্রভাব পড়েছে সবজির দামে। তাঁর ভাষ্য, এখন কম দামে পাওয়া যায় কেবল পেঁপে ও কুমড়া। কেজিপ্রতি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা।

সবজির বাজারে যখন আগুন, তখন কিছুটা স্বস্তি মিলছে মুরগির বাজারে। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে এখন ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি ৩২০ থেকে ৩৩০ টাকা। বিক্রেতারা জানান, গরমের তীব্রতা কমায় মুরগির উৎপাদন বেড়েছে, ফলে সরবরাহও ভালো। কারওয়ান বাজারের একটি দোকানের কর্মী তপনও বলেন, সরবরাহ ভালো থাকায় দাম বাড়েনি।

ডিমের বাজার অবশ্য উচ্চ দামেই স্থিতিশীল। সপ্তাহ দুয়েক আগে ফার্মের মুরগির ডিমের ডজন ১৬০ টাকা ছুঁয়েছিল। এখন তা ১০ থেকে ১৫ টাকা কমে ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। বিক্রেতারা আশা করছেন, শীতের সবজি বাজারে এলে দাম আরও কমবে।

পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে। দেশি রসুনের কেজি ১৪০ টাকা, আর আমদানি করা রসুন ১৮০ টাকা। মরিচের দাম আগের সপ্তাহের মতোই স্থিতিশীল, কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা।

চালের বাজার গত সপ্তাহের দামেই অপরিবর্তিত। এক-দেড় সপ্তাহ আগে কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ার পর এখন তা স্থির আছে। মোটা চাল ৫৫ টাকা, মাঝারি মানের আটাশ বা পাইজাম ৫৫ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে মিলছে। নাজিরশাইল চালের দাম মানভেদে ৮০ থেকে ৮৬ টাকা। বিক্রেতারা জানান, এক-দেড় সপ্তাহ আগে এ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছিল, সেই বাড়তি দামই এখনো বহাল। জ্বালানির মূল্যবৃদ্ধিতে ট্রাকভাড়া বাড়ায় চালের দামে এ প্রভাব পড়েছে বলে তাঁরা জানান।

বোতলজাত সয়াবিন তেলের দামে কোনো পরিবর্তন নেই। প্রতি লিটার বিক্রি হচ্ছে ২১০ টাকায় এবং ২ লিটারের বোতল ৪১০ টাকায়।

সর্বশেষ

এই বিভাগের আরও