ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কোনাবাড়ী-কাশিমপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে বিপুলসংখ্যক শ্রমিক একত্র হয়ে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
একপর্যায়ে শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ব্যস্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
তবে শ্রমিকেরা সড়ক থেকে সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে যান। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

