দেশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। একইভাবে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। নাগরিকদের সেবা আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় থানার নাম পরিবর্তন এবং উপজেলা সদরের স্থান নির্ধারণ নিয়েও সিদ্ধান্ত হয়। ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখা হয়েছে।
অন্যদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়েছিল। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নেওয়া হয়েছে।

